রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

শিশু আছিয়া হ’ত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃ’ত্যুদণ্ড বহাল

নিউজ ডেস্ক

মাগুরার আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার মামলায় আসামি মো. হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখের ধর্ষণ ও নির্মম নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও পরে ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়।

ঘটনার পর হিটু শেখকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার পর তদন্ত শেষে ২০২৫ সালের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।

পরবর্তীতে ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. জাহিদ হাসান হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। একই মামলায় অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

পরে নিম্ন আদালতের পাঠানো ডেথ রেফারেন্স এবং হিটু শেখের করা আপিলের শুনানি হয় হাইকোর্টে। শুনানি শেষে আজ নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখলেন উচ্চ আদালত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন