রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মাংস বিক্রিতে স্বাস্থ্য কর্মকর্তার ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক

নিউজ ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, নির্ধারিত জবাইখানায় পশু জবাই করে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিলযুক্ত মাংসই বিক্রি করতে হবে। সিল দেখেই ক্রেতারা মাংস পরীক্ষিত কি না, তা নিশ্চিত হতে পারবেন।

সোমবার রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি মাংসের গায়ে ঢাকা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকতে হবে। সিল ছাড়া মাংস বিক্রি করা হলে তা জব্দ করা হবে। একই সঙ্গে অবৈধভাবে জবাই করা পশুর মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নির্ধারিত জবাইখানার বাইরে বিভিন্ন বাজার বা অননুমোদিত স্থানে পশু জবাই করা যাবে না। কেউ নিয়ম না মেনে অন্যত্র পশু জবাই করলে তাকে জরিমানা করা হবে। আর অবৈধভাবে জবাই করা মাংস কোনো দোকানে বিক্রি হলে ওই দোকান বন্ধ করে দেওয়া হবে।

আবদুস সালাম বলেন, অন্য স্থান থেকে মাংস সংগ্রহ করলে পশুটি যথাযথভাবে জবাই করা হয়েছে কি না, পশুটি সুস্থ ছিল কি না কিংবা কোনো রোগে আক্রান্ত ছিল কি না—এসব যাচাইয়ের সুযোগ থাকে না। এমনকি গরুর মাংসের নামে মহিষের মাংস বিক্রি হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করা কঠিন।

ভোক্তাদের নিরাপদ ও পরীক্ষিত মাংস নিশ্চিত করতেই নির্ধারিত জবাইখানায় পশু জবাই বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জবাইখানায় স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার কথাও জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, পশু জবাইয়ের সময় স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীদের সেখানে উপস্থিত থাকতে হবে। দায়িত্ব পালনে কেউ অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন