সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

‘ইসলামই সর্বশ্রেষ্ঠ’ মন্ত্রী রায়ারেড্ডির মন্তব্যে ক্ষোভে জ্বলছে বিজেপি

নিউজ ডেস্ক

ইসলামকে ‘অন্য যেকোনো ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ভারতের কর্ণাটকের উচ্চ শিক্ষা মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা বাসবরাজ রায়ারেড্ডি। তাঁর বক্তব্যের তীব্র সমালোচনা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার কুকনুরে মুসলিম সম্প্রদায়ের আয়োজিত একটি গণবিয়ে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রায়ারেড্ডি ইসলাম সম্পর্কে তাঁর মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে তিনি বলেন, অন্য ধর্মের তুলনায় ইসলাম একটি শ্রেষ্ঠ ধর্ম। তাঁর দাবি, সমাজে ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে। ইসলামের মধ্যে মানবতা ও মানুষের মতো জীবনযাপনের শিক্ষা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রায়ারেড্ডি জানান, তিনি পবিত্র কুরআনসহ বিভিন্ন ধর্মের ইতিহাস পড়েছেন। তাঁর ভাষ্য, কুরআনের শিক্ষা শুধু মুসলিমদের জন্য নয়, সবার জন্য প্রাসঙ্গিক। তিনি সবাইকে বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার পাশাপাশি ধর্মীয় গোঁড়ামি ও বিদ্বেষ থেকে দূরে থাকার আহ্বান জানান।

তিনি বলেন, সব ধর্মেই ভালো ও খারাপ—দুই ধরনের মানুষ রয়েছে। কিন্তু অনেক সময় ধর্মের ভালো দিকের পরিবর্তে নেতিবাচক বিষয়গুলোই বেশি আলোচিত হয়। তাই সব ধর্মের প্রতি সম্মান দেখানো উচিত।

মক্কা সফরের ইচ্ছার কথাও জানান কর্ণাটকের এই মন্ত্রী। তিনি বলেন, পবিত্র মক্কা নগরীতে যাওয়ার তাঁর দীর্ঘদিনের ইচ্ছা রয়েছে। তবে সেখানে যেতে হলে ধর্মান্তরিত হতে হয়—এমন ধারণার কথাও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে ইসলামের ভালো শিক্ষাগুলো অনুসরণ করার ওপর গুরুত্ব দেন তিনি।

বিজেপির তীব্র সমালোচনা

রায়ারেড্ডির মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে সরব হয় বিজেপি। কর্ণাটক বিধানসভার বিরোধীদলীয় নেতা আর. অশোক মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘হিন্দু-বিরোধী মানসিকতার’ অভিযোগ তোলেন।

অশোক প্রশ্ন করেন, মন্ত্রিসভার কোনো সদস্য হিন্দু ধর্ম ও মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য করলে মুখ্যমন্ত্রী কেন নীরব থাকছেন। রায়ারেড্ডির বক্তব্য প্রত্যাহার এবং হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানান তিনি।

বিজেপি নেতা আরও বলেন, রায়ারেড্ডিকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় মুখ্যমন্ত্রীকে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার আহ্বান জানান তিনি।

বক্তব্যের ব্যাখ্যা দিলেন রায়ারেড্ডি

বিতর্ক তৈরি হওয়ার পর নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন বাসবরাজ রায়ারেড্ডি। সাংবাদিকদের তিনি বলেন, অন্য কোনো ধর্মকে খাটো করা তাঁর উদ্দেশ্য ছিল না।

রায়ারেড্ডির দাবি, তিনি কখনো বলেননি যে অন্য ধর্মগুলো খারাপ। তাঁর দৃষ্টিতে সব ধর্মই মহান। নিজের ধর্মীয় অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে তিনি জানান, কাশীসহ ভারতের একাধিক জ্যোতির্লিঙ্গও তিনি দর্শন করেছেন।

ফলে মন্ত্রীর বক্তব্য ঘিরে কর্ণাটকের রাজনীতিতে নতুন করে কংগ্রেস-বিজেপির মধ্যে পাল্টাপাল্টি অবস্থান ও বিতর্ক তৈরি হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন