দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৬ জন।
সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৬২ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জন।
একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৪ জন। ফলে ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩১২ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, হাম উপসর্গে মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও চিকিৎসাসেবা জোরদার করা হচ্ছে।

