সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘ফ্যাসিস্ট আমলের মনোভাব নিয়ে আর চাকরি করা যাবে না।’ যারা দায়িত্ব পালনে আগ্রহী নন, তাদের চাকরি ছেড়ে দেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, ‘বিগত সময়ে যা হয়েছে, আমরা তা করতে চাই না। ফ্যাসিস্ট আমলের চাকরি আর করা যাবে না। মন থেকে ওইসব বাদ দিয়ে নতুন করে কাজ শুরু করুন। যারা কাজ করতে চান না, তারা চাকরি ছেড়ে চলে যান। কাজ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ও জেলার উন্নয়নে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা গেলে জনগণ সন্তুষ্ট হবে, অন্যথায় তারা সরকারের প্রতি আস্থা হারাবে।
প্রধানমন্ত্রীর কর্মস্পৃহার উদাহরণ দিয়ে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন ১৪ থেকে ১৮ ঘণ্টা কাজ করেন। তিনি যদি এত সময় কাজ করতে পারেন, তাহলে অন্যরা কেন পারবেন না—এ প্রশ্ন নিজেকে করলেই দায়িত্ববোধ নিয়ে কাজ করার অনুপ্রেরণা পাওয়া যাবে।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে দেশকে ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। এখন নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশকে সংস্কার ও এগিয়ে নিতে হবে। নেতৃত্বের ঘাটতির কারণেও বাংলাদেশ পিছিয়ে ছিল বলে মন্তব্য করেন তিনি।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স
মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়ে বিমানমন্ত্রী বলেন, সারাদেশে মাদকের বিস্তার ঘটেছে। আগামী প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
একই সঙ্গে জুয়া, চোরাচালান বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।
৩ লাখ ১০ হাজার যুবককে বিদেশে পাঠানোর উদ্যোগ
বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, চলতি বছরের শেষ দিকে কর্মসংস্থানের একটি উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর আওতায় ১০ হাজার যুবককে বিনা খরচে এবং আরও তিন লাখ যুবককে স্বল্প খরচে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
পুলিশের চাকরিতে এখন আর টাকা লাগে না বলেও উল্লেখ করেন তিনি।
সার সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে কেন্দ্রীয়ভাবে পর্যাপ্ত সার মজুদ রয়েছে এবং স্থানীয় পর্যায়েও সংকট নেই। শম্ভুগঞ্জ সার গুদাম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিগগিরই সার ডিলার এবং টিসিবি ও ওএমএসের ডিলার নিয়োগ দেওয়া হবে।
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সময় প্রয়োজন
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার এই সমস্যা উত্তরাধিকারসূত্রে পেয়েছে। সংকট সমাধানে সময় প্রয়োজন। বিরোধী দল চাইলে এ নিয়ে আন্দোলন করতে পারে, তবে সরকার পরিবর্তন হলেও তারাও রাতারাতি সমস্যার সমাধান করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
ময়মনসিংহে এলজিইডির উন্নয়নকাজ ফেলে রাখার ঘটনায় ৩০টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগকে স্বাগত জানান মন্ত্রী। ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনার উন্নয়নে সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সর্বাত্মকভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সভায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

