মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, শুধু মাদক বহনকারীদের গ্রেপ্তার করলেই হবে না, মাদক পাচারের পথও বন্ধ করতে হবে।
সোমবার (৩১ আগস্ট) কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা উন্নয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাদক পাচার রোধে সীমান্তের চেকপোস্টগুলোতে নজরদারি আরও বাড়াতে হবে। একই সঙ্গে মাদক মামলায় গ্রেপ্তার আসামিরা যাতে সহজে জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধে জড়াতে না পারে, সে বিষয়েও আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। মাদকের সরবরাহের উৎস ও পাচারের পথ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এ সময় জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

