রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি

নিউজ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ বহাল রাখা, নির্বাচনী প্রচারে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরত রাখাসহ ৯ দফা দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ অব্যাহত রাখা এবং মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ থেকে বিরত রাখার বিষয়টি রয়েছে।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার নির্বাচনের আগে নিজেদের অনুকূলে মাঠ প্রস্তুতের চেষ্টা করছে। তাই এসব প্রশাসককে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে জামায়াত।

জামায়াতের এই নেতা বলেন, তাদের কয়েকটি দাবি এরই মধ্যে নির্বাচন কমিশন মেনে নিয়েছে। তবে কিছু দাবি এখনো গ্রহণ করা হয়নি। দাবিগুলো বাস্তবায়ন না হলে নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

তবে আপাতত নির্বাচন বর্জনের কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানান গোলাম পরওয়ার। তাঁর ভাষ্য, নির্বাচন কমিশনের ওপর এখনো তাদের আস্থা রয়েছে।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি বলেন, সরকারি চাপের কারণে কমিশনের কিছু ক্ষেত্রে অসহায়ত্ব রয়েছে বলে তাঁদের মনে হয়েছে। জামায়াতের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন না হলে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা কঠিন হবে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে ১১ দলীয় ঐক্য প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, এই ঐক্য মূলত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গঠিত হয়েছে। ফলে স্থানীয় সরকার নির্বাচনে জোটের শরিক দলগুলোর মধ্যে প্রার্থী দেওয়া বা নির্বাচনী কর্মকাণ্ড নিয়ে কোনো সংঘাত তৈরি হবে না।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন