রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি

নিউজ ডেস্ক

লিবিয়ায় দীর্ঘদিন আটকে থাকা ১৭৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরত পাঠানো হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দেশে ফেরা ১৭৪ জনের মধ্যে তিনজন নারী, এক শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

আইওএমের সহায়তায় ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে তাদের বাংলাদেশে পাঠানো হয়। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর দীর্ঘ সময় ধরে এসব বাংলাদেশি সেখানে আটক ছিলেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিত পথে সমুদ্রপথে ইউরোপ বা অন্য দেশে যাওয়ার চেষ্টা অনেক সময় প্রাণহানি, নিখোঁজ হওয়া, জিম্মি বা আটকের মতো ভয়াবহ পরিণতি ডেকে আনে। যারা আটক হন, তাদের দীর্ঘ সময় ডিটেনশন সেন্টারে মানবেতর পরিস্থিতির মধ্যে থাকতে হয়।

এ কারণে দালাল ও মানবপাচারকারীদের প্রলোভন বা প্ররোচনায় পড়ে অনিয়মিত পথে বিদেশ যাওয়ার চেষ্টা না করতে বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের শনাক্ত করা, প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়া এবং দেশে ফেরানোর জন্য দূতাবাস নিয়মিতভাবে কাজ করছে। এ বিষয়ে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, বেনগাজীর গানফুদা এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক অন্য বাংলাদেশিদেরও দ্রুত দেশে ফেরাতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন