রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ওপর কয়েক মাস ধরে কার্যকর থাকা অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে যোগ্য বাংলাদেশি আবেদনকারীরা আবারও নিয়মিত প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা ও স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার পথে ফিরেছেন।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট জানিয়েছে, গত ২১ আগস্ট নিউইয়র্কের একটি জেলা আদালতের বিচারক জ্যানেট ভার্গাস এই ভিসা স্থগিত নীতিকে অবৈধ ঘোষণা করে বাতিল করেন। এরপর ২৮ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ওই স্থগিতাদেশ আর কার্যকর নেই।

এর ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। নিষেধাজ্ঞা চলাকালে যারা অভিবাসী ভিসার জন্য আবেদন করেছিলেন কিংবা সাক্ষাৎকার সম্পন্ন করেছিলেন, তারাও এখন নিয়মিত প্রক্রিয়ায় চূড়ান্ত ভিসা পাওয়ার সুযোগ পাবেন।

আদালতের রায়ে বদলে গেল পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের (ক্লিনিক) করা একটি মামলার পরিপ্রেক্ষিতে আদালতের এই সিদ্ধান্ত আসে।

এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অধীনে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সরকারি সুযোগ-সুবিধার ওপর সম্ভাব্য নির্ভরতার আশঙ্কাকে এই নীতির অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছিল।

তবে আদালত রায়ে স্পষ্ট করে দেন, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে কেবল কোনো ব্যক্তির জাতীয়তার ভিত্তিতে তাকে অভিবাসী ভিসা দিতে অস্বীকার করার ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা নেই।

বাংলাদেশিদের দীর্ঘ অপেক্ষার অবসান

স্থগিতাদেশ প্রত্যাহারের ফলে যোগ্য আবেদনকারীরা এখন প্রচলিত নিয়মে অভিবাসী ভিসার আবেদন প্রক্রিয়া এগিয়ে নিতে পারবেন। বিশেষ করে যারা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য আবেদন করে দীর্ঘদিন সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন, তাদের অনিশ্চয়তা অনেকটাই কেটে গেল।

ভিসা স্থগিতের সময় যেসব বাংলাদেশি আবেদনকারী আবেদন জমা দিয়ে সাক্ষাৎকার পর্যন্ত সম্পন্ন করেছিলেন, তাদের চূড়ান্ত ভিসা প্রক্রিয়াও এখন এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

মার্কিন আদালতের রায়ের পর এই স্থগিতাদেশ উঠে যাওয়াকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসে আগ্রহী বাংলাদেশি আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন