রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, দখলদারদের পুলিশের হাতে তুলে দিন: আমীর খসরু

নিউজ ডেস্ক

পুলিশের অপেক্ষায় না থেকে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও দখলদারদের ধরে পুলিশের হাতে তুলে দিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান। মহানগরীর পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘পুলিশের অপেক্ষায় বসে থাকবেন না। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও দখলদারদের ধরে পুলিশের হাতে তুলে দেবেন। এটাই এই সরকারের কাজ।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বারবার সংকট ও বিপর্যয়ের মধ্যে পড়া বাংলাদেশকে বিএনপি রক্ষা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দলের রাজনৈতিক আদর্শের শিক্ষক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের জন্য তাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও দেশকে এগিয়ে নিতে কাজ করছেন।

সরকারের বাজেট প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, এত বড় বাজেট দেওয়ার সাহস অন্য কোনো দলের নেই। সরকার সাহসী এই বাজেট পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে। একই সঙ্গে দেশের মানুষের প্রত্যাশা পূরণে সরকার কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

সরকারের অর্জন বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান আমীর খসরু।

সমাবেশে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সংসদ সদস্য সাঈদ আল নোমান, সদস্য সচিব নাজিমুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে একটি বড় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নিউমার্কেট মোড় হয়ে লালদিঘি মাঠে গিয়ে শেষ হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন