রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

কোরআনের আইন প্রতিষ্ঠার প্রত্যয় জামায়াত আমিরের

নিউজ ডেস্ক

বাংলাদেশে একদিন কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, দেশ মুক্ত হবে এবং ইনশাআল্লাহ এ দেশে কোরআনের আইন কায়েম হবে। তবে এ আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যক্তি হিসেবে নিজেদের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁর ভাষায়, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলেও সেখানে নিজে অংশীদার হতে না পারলে সেই সৌভাগ্যের কোনো মূল্য থাকে কি না, তা ভেবে দেখা প্রয়োজন।

জামায়াত আমির বলেন, ধর্মের ভিত্তিতে সমাজে বিভাজন সৃষ্টি করে অশান্তি তৈরি করা হবে না। ইসলামের শিক্ষা অনুসরণ করে বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে এর প্রমাণ দেওয়ার কথাও জানান তিনি।

কওমি শিক্ষাব্যবস্থা ও এর সঙ্গে সংশ্লিষ্টদের প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত তাদের আলাদা করে দেখে না এবং তাদের ধর্মীয় শিক্ষাসেবাকে ছোট করে দেখার সুযোগ নেই। সংসদে কওমি সংশ্লিষ্টদের অধিকার নিয়ে কথা বলাকে নিজেদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, কোনো ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং বিবেক ও দায়বোধ থেকেই এ অবস্থান নেওয়া হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে শফিকুর রহমান আরও বলেন, কোনো ‘বাতিলের’ সঙ্গে আপস করা হবে না এবং আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করা হবে না। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাওয়ার জন্য তিনি মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করেন।

সমাবেশে নতুন করে জামায়াতে যুক্ত হওয়া ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, মানবতা, দেশ ও জাতির কল্যাণ এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণের লক্ষ্যেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, জামায়াতে ইসলামী ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র ও একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন