নিউজ ডেস্ক
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গ্যাসের সংকট শুধু বাংলাদেশের নয়, এটি বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা। তবে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার এ সংকট মোকাবিলায় কাজ করছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জনগণের অর্থ জনগণের কল্যাণেই ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ সরকারের বিভিন্ন কার্যক্রম এরই প্রতিফলন।
তিনি বলেন, গণতন্ত্রের পথ উন্মুক্ত করতে ২০১৮ সাল থেকেই তারেক রহমান দেশের গ্রাম থেকে শহর পর্যন্ত ফ্যাসিবাদী শাসনের নির্যাতনের শিকার মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন। দেশ রক্ষার লক্ষ্য নিয়েই তিনি তখন থেকে কাজ করে যাচ্ছেন।
সাবেক সরকারের সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনা বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে কিছু উন্নয়নমূলক কাজ করলেও প্রকল্পের অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও অর্থ আত্মসাতের অভিযোগ করেন তিনি।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, বিরোধী দলের অনেকেই সরকারের সমালোচনা করছেন, কিন্তু এজন্য কাউকে গুম হতে হচ্ছে না। এটিই গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরের পরিকল্পনা ছাত্রসমাজসহ দেশের সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরতে হবে। তার বাবা-মা যে অঙ্গীকার নিয়ে দেশ গড়ার কাজ শুরু করেছিলেন, তারেক রহমানও সেই পথ অনুসরণ করছেন বলে মন্তব্য করেন তিনি।

