রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নিউজ ডেস্ক

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ খতিয়ে দেখতে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান কমিটিও গঠন করেছে সংস্থাটি।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিনজন হলেন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদকে আসিফ মাহমুদের বিরুদ্ধে বেআইনি কাজ করিয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণ ও অর্থপাচারের অভিযোগ করা হয়েছে। এছাড়া বিদেশে অর্থ পাচার, অবৈধ বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের মতো অভিযোগও রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

সূত্রের দাবি, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। এর মধ্যে ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকার সময় ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও রয়েছে।

এ ছাড়া সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে আসিফ মাহমুদ বিভিন্ন অবৈধ সুবিধা নিয়েছেন—এমন অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে বলে জানা গেছে।

দুদক সূত্র আরও জানিয়েছে, এসব অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের ভূমিকা নির্ধারণে নথিপত্র সংগ্রহ ও প্রয়োজনীয় অনুসন্ধান করা হবে। তবে অনুসন্ধানে অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হয়েছে—এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন