সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করা হয়েছে। এর আগে এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।
নতুন নির্ধারিত দামে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্য হলো—সাড়ে ৫ কেজি ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা।
এ ছাড়া ২৫ কেজির সিলিন্ডার ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।
আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম এবং আমদানি ও পরিবহনের মতো সংশ্লিষ্ট ব্যয়ের পরিবর্তনের ভিত্তিতে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করে থাকে বিইআরসি।

