রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৭ শিশুর শরীরে হাম অথবা এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে মারা গেছে আরও একজন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯৮৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৮৪ জন এবং হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৬০ হাজার ১৮৪ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে মোট ১৯ হাজার ৪৪৭ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৪০ হাজার ৪৭২ শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন