রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ঘুষের অভিযোগ ও অনুপস্থিতি, সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্ক

ঘুষ নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং নির্ধারিত সময়ে কাজে যোগ না দেওয়ার ঘটনায় পুলিশের সাত কর্মকর্তার বিরুদ্ধে চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের অপসারণ ও বরখাস্তের আদেশ দেওয়া হয়।

বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্চিত কুমার রায়, ডিএমপির সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার, রংপুরের সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান এবং অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল ফারুক। অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সঞ্চিত কুমার রায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে, মানস কুমার পোদ্দার একই বছরের ১৮ অক্টোবর থেকে, মো. শাহজাহান ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে এবং হাফিজ আল ফারুক ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রোকনুজ্জামানের বিরুদ্ধে এক ব্যক্তিকে উপপরিদর্শক (এসআই) পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, তিনি চাকরি দেওয়ার শর্তে ১৭ লাখ টাকা দাবি করেন এবং বিভিন্ন সময়ে ওই ব্যক্তির কাছ থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা নেন।

পরে চাকরি না হওয়ায় ভুক্তভোগী টাকা ফেরত চাইলে তা ফেরত দেওয়া হয়নি। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর তদন্ত করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোকনুজ্জামানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম এবং পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ দালালের বিরুদ্ধেও কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাশেদুল ইসলাম ২০২৫ সালের ৯ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। আর হাবিবুল্লাহ দালাল একই বছরের ২২ জানুয়ারি ছুটিতে যাওয়ার পর আর নির্ধারিত সময়ে কাজে যোগ দেননি। এ দুজনকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সাত কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া এ পদক্ষেপের বিষয়টি প্রকাশ্যে আসে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন