জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশ নেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জন্মাষ্টমী উপলক্ষে তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে যুক্ত পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ), প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।
জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে প্রতিবছর দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

