মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ডলারের দর কমতেই ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমে আসার পর আবারও বাজার থেকে মার্কিন মুদ্রা সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রায় সাড়ে তিন মাস পর এভাবে ডলার কেনা হলো।

বাংলাদেশ ব্যাংক সর্বশেষ গত ২০ মে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার সংগ্রহ করেছিল। মঙ্গলবার সকালে বাজারে ডলারের দর তুলনামূলক কম থাকলেও দুপুরে কেন্দ্রীয় ব্যাংক বেশি দরে ডলার কেনার ঘোষণা দিলে লেনদেনে এর প্রভাব পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

ব্যাংকারদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিনের শুরুতে রেমিট্যান্স হাউজগুলো থেকে ১২২ টাকা ৩০ পয়সা থেকে ১২২ টাকা ৪০ পয়সা দরে ডলার সংগ্রহ করছিল ব্যাংকগুলো। একই সময়ে আমদানির ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতে প্রতি ডলারের দর ছিল ১২২ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৬০ পয়সা।

তবে দুপুরে পরিস্থিতি বদলে যায়। বাংলাদেশ ব্যাংক ১২২ টাকা ৭৫ পয়সা দরে ডলার কেনার সিদ্ধান্ত জানালে বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেনেও এর প্রভাব পড়ে। দিনের শেষ দিকে কয়েকটি ব্যাংক রেমিট্যান্সের ডলার কেনা এবং এলসি নিষ্পত্তির ক্ষেত্রে ১২২ টাকা ৭৫ পয়সা দরেই লেনদেন শুরু করে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার কেনার সিদ্ধান্ত জানানো হয়। সাধারণত এ ধরনের সিদ্ধান্ত দিনের শুরুতেই জানানো হয়ে থাকে। ফলে সকালে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত না জানায় কিছু ব্যাংক তুলনামূলক কম দরে ব্যবসায়ীদের এলসি নিষ্পত্তি করে।

এদিকে সাম্প্রতিক সময়ে দেশের ডলারের বাজারে বেশ অস্থিরতা দেখা দিয়েছে। ব্যাংকারদের ভাষ্য, গত দুই সপ্তাহে একাধিকবার বড় ধরনের দর পরিবর্তন হয়েছে। দুই সপ্তাহ আগে প্রতি ডলারের দাম প্রায় ১২২ টাকায় নেমে এলেও গত সপ্তাহের শেষ দিকে তা বেড়ে ১২৩ টাকা ৬৫ পয়সা পর্যন্ত উঠেছিল।

স্বল্প সময়ের ব্যবধানে প্রায় দেড় টাকা দর ওঠানামায় ব্যাংকারদের পাশাপাশি আমদানিকারক ও অন্যান্য গ্রাহকদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভবিষ্যতে ডলারের দাম আরও বাড়তে বা কমতে পারে—এমন আশঙ্কায় ঝুঁকি কমাতে কিছু গ্রাহক আগাম ডলার সংগ্রহের জন্য ফরওয়ার্ড বুকিংয়ের দিকে ঝুঁকছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন