আজ ৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস। ২০০৮ সালের এই দিনে এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাবন্দি থাকা অবস্থায় মুক্তি পান তিনি।
২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে রাজধানীর বাসা থেকে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর টানা ৫৫৪ দিন কারাবন্দি ছিলেন তিনি।
বিএনপির অভিযোগ, কারাগারে রিমান্ডের নামে তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের একপর্যায়ে তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান তারেক রহমান। এরপর উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে তাকে লন্ডনে নেওয়া হয়। স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানও তার সঙ্গে লন্ডনে যান।
কারামুক্তির পর থেকেই তারেক রহমানের জীবনে শুরু হয় দীর্ঘ নির্বাসিত অধ্যায়। দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করেও বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।
বর্তমানে দেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। ফলে এবারের কারামুক্তি দিবস তার রাজনৈতিক জীবনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।
২০০৮ সালের ৩ সেপ্টেম্বরের মুক্তির দিনটি স্মরণ করে প্রতিবছর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কারামুক্তি দিবস পালন করে আসছে।

