সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

মোদি-পেজেশকিয়ান বৈঠকের পর ভারতকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

নিউজ ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠকের পর নয়াদিল্লি ও তেহরানের মধ্যে বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে—এমন গুঞ্জন নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

‘দ্য ব্রায়ান কিলমিড শো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ভারত ও ইরানের মধ্যে নতুন কোনো বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না। তার ভাষ্য, প্রতিটি দেশই নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়। ইরানের সঙ্গে বিভিন্ন দেশের যোগাযোগ থাকলেও যুক্তরাষ্ট্রও তেহরানের সঙ্গে আলোচনায় বসেছে বলে উল্লেখ করেন তিনি।

তবে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে কোনো দেশ তেহরানকে সহযোগিতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন রুবিও। তিনি বলেন, যেসব দেশ ইরানকে অর্থ উপার্জনের সুযোগ তৈরি করে দেবে কিংবা সন্ত্রাসবাদে অর্থায়নের পথ সহজ করবে, তাদের বিরুদ্ধেও ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

রুবিওর ভাষায়, ইরানকে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তা করা কোনো দেশেরই উচিত নয়। কোনো দেশ এমন সিদ্ধান্ত নিলে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা প্রয়োগ করতে হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যে ওয়াশিংটন মূলত অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে। তবে প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার যুক্তরাষ্ট্র সংরক্ষণ করে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বাহিনীর রাতের হামলার কথা স্বীকার করে ভবিষ্যতে আরও হামলার হুমকি দিয়েছেন।

এর জবাবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দেন। তিনি দাবি করেন, ইরানের নতুন কৌশল ওয়াশিংটনের ভিত্তিকে চূর্ণ করে দেবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন