রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

আসিফ মাহমুদের সময়ের নিয়োগ, পদোন্নতি ও বদলির নথি চাইল দুদক

নিউজ ডেস্ক

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্বকালীন সময়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত তথ্য ও নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একইসঙ্গে ৩৮ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে চলতি দায়িত্ব দেওয়া, পরবর্তী সময়ে সেই দায়িত্ব বাতিল এবং বদলির সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্রও চাওয়া হয়েছে।

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার একদিন পর বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়ে এসব তথ্য ও নথি চেয়েছে দুদক।

দুদক সচিব মো. সাইদুর রহমান খান সাংবাদিকদের বলেন, বিষয়টি বর্তমানে অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধানের অংশ হিসেবে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় তথ্য ও নথি চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

আসিফ মাহমুদ ছাড়া অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মো. জাহিদ কালামের সই করা চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে চাওয়া তথ্য ও নথি কমিশনে পাঠাতে বলা হয়েছে।

এর আগে বুধবার আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক।

এর পরদিন রাতে সংবাদ সম্মেলন করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগসংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের জন্য দুদককে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন