বাংলাদেশ রেলওয়ের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে শীর্ষ পর্যায়ের তিনটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক পদে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীনকে পদোন্নতি দিয়ে ঢাকার রেলভবনে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে (চলতি দায়িত্ব) পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ঢাকায় অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) পদে (চলতি দায়িত্ব) থাকা মামুনুল ইসলামকে চট্টগ্রাম পূর্বাঞ্চলের নতুন মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) করা হয়েছে।
এ ছাড়া বর্তমানে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে (চলতি দায়িত্ব) কর্মরত আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) পদে (চলতি দায়িত্ব) দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বের পাশাপাশি তিনি আগের মতোই রেলওয়ের মেগা প্রকল্প ‘যমুনা সেতু রেল সংযোগ প্রকল্প’-এর প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
রেলপথ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

