দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, রোগীদের মিথ্যা আশ্বাস দিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া দালালচক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, একটি চক্র সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। এই দালালচক্রের বিরুদ্ধে ডিজিএফআই, র্যাবসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।
তিনি বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে অভিযান চালানো হয়েছে। এসব অভিযানের ফলে আগের তুলনায় হাসপাতালগুলোতে দালালচক্রের উৎপাত অনেকটাই কমেছে।
অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সিলগালা করা হচ্ছে।
তিনি আরও বলেন, যেসব ক্লিনিকে অবৈধ চিকিৎসক ও ভুয়া সনদধারী টেকনিশিয়ান দিয়ে অস্ত্রোপচারসহ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, সেসব প্রতিষ্ঠানও সিলগালা করা হচ্ছে। তিনি নিজে এসব প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করছেন এবং অভিযান পরিচালনার বিষয়টি তদারকি করছেন।
সিলেটের হাসপাতালগুলোর সেবার মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের ড্রেনেজ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার যেসব সমস্যা রয়েছে, তা সাত দিনের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
চিকিৎসকদের উপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত এক মাসে ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পেয়েছেন। একই সঙ্গে চিকিৎসকদের আচরণ এবং হাসপাতালের খাবারের মানও আগের তুলনায় উন্নত হয়েছে।

