রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সবজির বাজারে নেই স্বস্তি, অধিকাংশ ১০০ টাকার ওপরে

নিউজ ডেস্ক

রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে এখনও স্বস্তি ফেরেনি। গত সপ্তাহের তুলনায় দু-একটি পণ্য ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৬০ টাকা কেজি দরে। তবে কিছুটা কমেছে কাঁচা মরিচের দাম। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি পটল ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ১৪০, ঢেঁড়স ৮০, চিচিঙ্গা ৬০, ধুন্দল ৮০, ঝিঙে ১২০ এবং করলা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম ১০০ থেকে ১২০ টাকা, বরবটি ১০০ থেকে ১১০, লাউ ১০০ থেকে ১১০, পেঁপে ৪০ থেকে ৪৫ এবং কাকরোল ১০০ টাকা কেজি।

এ ছাড়া পাকা মিষ্টি কুমড়া ৫৫ থেকে ৬০ টাকা, কাঁচা মিষ্টি কুমড়া ১১০ থেকে ১২০, কচুর লতি ১০০ এবং শিম ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা কলা বিক্রি হচ্ছে হালি ৫০ টাকায়। কাঁচা মরিচের দাম কমে এখন প্রতি কেজি প্রায় ১০০ টাকা।

সবজির পাশাপাশি মাছের বাজারেও চড়া দাম রয়েছে। আকার ও মানভেদে রুই-কাতল বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৭০০ টাকা কেজি দরে। গুঁড়া মাছ ৬০০ থেকে ৬৫০, ছোট পাঙ্গাস ২৫০ থেকে ২৬০, বড় পাঙ্গাস ৫০০ থেকে ৬০০ এবং চাষের কই ৩০০ টাকা কেজি।

পাবদা মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, পোয়া ২৬০ এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের শিং মাছের দাম আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা।

অন্যদিকে ছোট ইলিশ, চিংড়ি, বাইম, দেশি কই ও নদীর বেলে মাছের মতো চাহিদাসম্পন্ন মাছ কিনতে কেজিপ্রতি ১ হাজার টাকার বেশি খরচ করতে হচ্ছে। চিংড়ি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে।

এদিকে এক ডজন ডিমের দাম পড়ছে ১৫০ থেকে ১৬০ টাকা। ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা কেজি, কক মুরগি ৩২০ এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি।

বিক্রেতারা বলছেন, বাজারে সবজি ও অন্যান্য নিত্যপণ্যের সরবরাহে বড় ধরনের সংকট নেই। তবে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়ছে খুচরা বাজারে। সরবরাহ স্বাভাবিক থাকলেও পরিবহন খরচের কারণে দাম কমানো যাচ্ছে না।

মিরপুরের এক সবজি বিক্রেতা বলেন, পাইকারি বাজার থেকে পণ্য আনতে আগের তুলনায় বেশি পরিবহন খরচ হচ্ছে। সেই বাড়তি খরচ হিসাব করেই খুচরা দামে পণ্য বিক্রি করতে হচ্ছে।

অন্যদিকে বাজার করতে আসা কয়েকজন ক্রেতা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় সংসারের ব্যয় সামলানো কঠিন হয়ে পড়েছে। তাদের কেউ কেউ নতুন পে-স্কেল ঘোষণার পর নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়েছে বলেও অভিযোগ করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন