ভারতের ভিসা প্রত্যাশীদের দালাল ও অননুমোদিত এজেন্টদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’ দেওয়ার কথা বলে একটি চক্র আবেদনকারীদের প্রতারণার চেষ্টা করছে বলে জানিয়েছে হাইকমিশন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।
হাইকমিশন বলেছে, দালালদের এসব মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করে টাকা দিলে আবেদনকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভিসা আবেদন ও গুরুত্বপূর্ণ সময়ও হারাতে পারেন।
সতর্কবার্তায় ভিসাপ্রত্যাশীদের কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতের ট্রানজিট ভিসার ক্ষেত্রে আবেদনকারীদের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি আবেদন করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।
হাইকমিশনের পক্ষ থেকে ভিসা প্রক্রিয়ায় কোনো ধরনের অননুমোদিত মধ্যস্থতাকারীর ওপর নির্ভর না করে নির্ধারিত নিয়ম ও সরকারি ব্যবস্থার মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

