রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হজ ব্যবস্থাপনায় সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার

নিউজ ডেস্ক

হজের নিবন্ধন ও সামগ্রিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সৌদি আরব সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শনিবার (৫ সেপ্টেম্বর) শ্রেষ্ঠ হজ গাইডদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সরকার কাজ করছে। হজ ব্যবস্থাপনায় যাতে কোনো ধরনের জটিলতা তৈরি না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।

গত হজ মৌসুমের একটি ঘটনা তুলে ধরে তিনি বলেন, একটি হজ এজেন্সির অব্যবস্থাপনার কারণে দুইজন হাজি নির্ধারিত সময়ে সৌদি আরবে যেতে পারেননি। পরে পুলিশ, এনএসআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের হজে পাঠানোর ব্যবস্থা করা হয়।

হাজিদের সেবার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে কাজী মোফাজ্জেল হোসাইন কায়কোবাদ বলেন, গতবার সরকারের পক্ষ থেকে হাজিদের জন্য বিনামূল্যে এক লাখ পানির বোতল সরবরাহ করা হয়েছিল। একইভাবে লাগেজ র‍্যাপিংয়ের জন্যও হাজিদের কোনো অর্থ ব্যয় করতে হয়নি। পুরো কার্যক্রম সরকারের ব্যবস্থাপনায় সম্পন্ন করা হয়।

হজ গাইডদের সেবার মান আরও উন্নত করার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, যারা ভালোভাবে দায়িত্ব পালন করবেন, ভবিষ্যতে তাদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে পুরস্কারের পরিধিও বাড়ানো হবে।

তিনি জানান, এবার শ্রেষ্ঠ হজ গাইডদের মোট ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। আগামীতে এ পুরস্কারের অর্থ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবার কোনো হাজির লাগেজ হারিয়ে যায়নি বলেও উল্লেখ করেন ধর্মমন্ত্রী।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, হজ কার্যক্রম পরিচালনায় সাশ্রয় হওয়া অর্থ আগামীকাল সরকারের কাছে হস্তান্তর করবে ধর্ম মন্ত্রণালয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন