সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

নেপালে ১১ দিন পর চীনা নাগরিক জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক

ভয়াবহ পাহাড়ি বন্যার ১১ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের অডিট-৪ টানেল থেকে তাকে উদ্ধার করা হয়।

নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে উদ্ধার হওয়া ব্যক্তির ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে।

নেপালি সেনাবাহিনী ও দক্ষিণ কোরিয়ার একটি দুর্যোগ বিশেষজ্ঞ দলের যৌথ অভিযানে ওই চীনা নাগরিককে উদ্ধার করা হয়। পরে তাকে নুয়াকোটের ত্রিশূলীতে অবস্থিত মৈথিল ব্যারাকে নেওয়া হয়।

এর এক দিন আগে, শুক্রবার (৪ সেপ্টেম্বর), ত্রিশূলী নদী করিডরের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে আরও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

‘কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি বন্যা ও ঢলের নয় দিন পর যান্ত্রিক ফোরম্যান সঞ্জয় সাহ ও যান্ত্রিক সুপারভাইজার কবির মহার্জনকে টানেল থেকে উদ্ধার করা হয়। টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শোনার পর নেপালি সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনী উদ্ধার অভিযান জোরদার করে। পরে তাদের জীবিত অবস্থায় বের করে আনা হয়।

গত ২৬ আগস্ট থেকে উদ্ধার কার্যক্রমে যুক্ত রয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির আইনপ্রণেতা ও প্রকৌশলী শ্রী রাম নিউপানে। তিনি জানান, উদ্ধারকারী দল টানেলের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছিল। ভেতর থেকে সাড়া পাওয়ার পর সেখানে একাধিক ব্যক্তি জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

টানেলের ভেতরে আরও কেউ আটকে আছেন কি না, তা জানতে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত ২৬ আগস্টের ভয়াবহ পাহাড়ি ঢলে নেপালের ত্রিশূলী নদী উপত্যকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ২৫২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঢলের প্রবল স্রোতে জলবিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে নেপালি সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী দল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন