রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

নিউজ ডেস্ক

গুগল ফটোসের ছবি ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বাড়াচ্ছে গুগল। নতুন ‘জেমিনি স্পার্ক’ সুবিধার মাধ্যমে ছবি সম্পাদনা, অ্যালবাম তৈরি ও ছবি গোছানোর মতো বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যাবে।

গুগল জানিয়েছে, জেমিনি স্পার্ককে নির্দেশ দিয়ে গুগল ফটোসের ছবিগুলো বিভিন্নভাবে সাজানো এবং পছন্দের ছবি নিয়ে স্বয়ংক্রিয়ভাবে শেয়ার করা অ্যালবাম তৈরি করা যাবে।

এ ছাড়া কোনো অনুষ্ঠান বা ইভেন্টের প্রচারপত্রের ছবি থেকে প্রয়োজনীয় তথ্য শনাক্ত করে সেটি গুগল ক্যালেন্ডারে সময়সূচি হিসেবে যুক্ত করতে পারবে জেমিনি স্পার্ক। একাধিক কাজ একসঙ্গে মিলিয়ে নির্দিষ্ট কর্মপ্রবাহও তৈরি করা যাবে।

গুগল ফটোসের প্রধান শিমরিত বেন-ইয়ার বৃহস্পতিবার এক পোস্টে নতুন সুবিধাগুলোর তথ্য জানান। গুগল বলেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের যোগ্য ব্যবহারকারীদের জন্য সুবিধাগুলো চালু করা হবে। প্রাথমিকভাবে শুধু ইংরেজি ভাষায় এবং জেমিনি এআই প্রো ও আল্ট্রা গ্রাহকেরা এসব সুবিধা ব্যবহার করতে পারবেন।

তবে যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা কবে থেকে জেমিনি স্পার্ক ব্যবহারের সুযোগ পাবেন, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি জানায়নি গুগল।

গুগলের দাবি, নতুন এ উদ্যোগের মূল লক্ষ্য ছবি ব্যবস্থাপনার ঝামেলা কমানো। বর্তমানে অনেক ব্যবহারকারীর ফোন ও অনলাইন সংরক্ষণাগারে হাজার হাজার ছবি থাকে। সেগুলো আলাদা করা, গোছানো কিংবা অ্যালবাম তৈরি করতে দীর্ঘ সময় লাগে। জেমিনি স্পার্ক এসব কাজ সহজ ও দ্রুত করতে সহায়তা করবে।

জেমিনি স্পার্ক ব্যবহার করতে প্রথমে গুগল ফটোসকে জেমিনির সঙ্গে যুক্ত করতে হবে। এরপর জেমিনি অ্যাপের ওপরের কোণায় থাকা স্পার্ক সুবিধা চালু করে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন এসব সুবিধার প্রয়োজনীয়তা নিয়েও প্রযুক্তি খাতে আলোচনা রয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দ্রুত নতুন এআই সুবিধা আনলেও সব ফিচার যে ব্যবহারকারীদের জন্য সমানভাবে প্রয়োজনীয়, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন