মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট

নিউজ ডেস্ক

কাগজের ব্যবহার কমিয়ে জাতীয় সংসদকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপ দিতে ই-পার্লামেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যবস্থার আওতায় সংসদের কার্যক্রম, নথি সংরক্ষণ, তথ্য আদান-প্রদানসহ বিভিন্ন প্রশাসনিক কাজ ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং কমিটির সদস্যদের সাক্ষাতে এ উদ্যোগের বিষয়টি চূড়ান্ত হয়।

প্রস্তাবিত ই-পার্লামেন্ট ব্যবস্থায় বাংলা ও ইংরেজি—দুই ভাষায় কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে। ফলে সংসদ সদস্য ও কর্মকর্তারা প্রয়োজনীয় নথি ও তথ্য সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ব্যবহারের সুযোগ পাবেন। এতে প্রচলিত ফাইল-ফোল্ডারের ওপর নির্ভরতা কমবে এবং সংসদীয় কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে।

ই-পার্লামেন্ট বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্পিকার। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে চেয়ারম্যান করে গঠিত কমিটি সিস্টেমটির কাঠামো, বাস্তবায়ন প্রক্রিয়া, প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করবে।

চলতি সেপ্টেম্বরের শেষ নাগাদ ই-পার্লামেন্ট সিস্টেম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপনেরও নির্দেশ দেওয়া হয়েছে। এতে প্রস্তাবিত সিস্টেমের কার্যপদ্ধতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ই-পার্লামেন্ট চালু হলে সংসদের কাগজের ব্যবহার কমার পাশাপাশি সময় ও প্রশাসনিক ব্যয়ও সাশ্রয় হবে। একই সঙ্গে তথ্য ব্যবস্থাপনা, কার্যক্রমের গতি, দক্ষতা ও বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বাড়বে।

তবে প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে ইউএনডিপি, দাতা দেশ ও দাতা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী তাদের সহযোগিতা নেওয়া হবে। এর আগে ডেপুটি স্পিকার ইউএনডিপির কাছে ই-পার্লামেন্ট উদ্যোগে কারিগরি ও আর্থিক সহায়তা চেয়েছিলেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর লাইব্রেরি কমিটির ষষ্ঠ বৈঠকে ই-পার্লামেন্ট বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। রোববারের সাক্ষাতের মাধ্যমে সেই উদ্যোগ বাস্তবায়নের পরবর্তী প্রক্রিয়া শুরু হলো।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন