রাজনৈতিক বৈরিতার কারণে ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ এখন প্রায় বন্ধ। দুই দলকে নিয়মিত মুখোমুখি করাতে এবার বহুজাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সম্ভাব্য এই উদ্যোগে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকেও যুক্ত করা হতে পারে বলে ভারত ও পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
২০১৩ সালের পর আর কোনো দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। এরপর থেকে দুই দলকে দেখা গেছে মূলত এশিয়া কাপ এবং আইসিসির বৈশ্বিক আসরে। দর্শকদের বিপুল আগ্রহের কারণে এই দুই দলের ম্যাচের সংখ্যা বাড়াতে নতুন পথ খুঁজছে আইসিসি।
পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, নিরপেক্ষ ভেন্যুতে তিন বা চার দেশকে নিয়ে সিরিজ আয়োজনের বিষয়টি বিবেচনা করছে আইসিসি। এতে ভারত-পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও রয়েছে।
ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ না হওয়ায় নিরপেক্ষ ভেন্যুতে বহুজাতিক সিরিজ আয়োজনের চিন্তা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সেপ্টেম্বরের শেষভাগ গুরুত্বপূর্ণ হতে পারে। আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসির সদস্য দেশগুলোর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ১২টি পূর্ণ সদস্য ও ৮টি সহযোগী সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে বহুজাতিক টুর্নামেন্ট আয়োজন এবং ভারত-পাকিস্তান ম্যাচের সংখ্যা বাড়ানোর বিষয়টি আলোচনায় আসতে পারে।
পাকিস্তান এ ধরনের আয়োজনের ব্যাপারে আগ্রহী হলেও ভারতের অবস্থান এখনো পরিষ্কার নয়।
এদিকে চলতি সেপ্টেম্বরেই বাংলাদেশ সফরে ভারতের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে সেই সফর হচ্ছে না। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ-ভারত সিরিজটি ২০২৭ সালের শুরুতে আয়োজন করা হতে পারে।
ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের ক্ষেত্রে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতাও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে বিসিসিআই ও পিসিবির মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী, ২০২৪-২০২৭ চক্রে দুই দেশের আয়োজিত টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ হাইব্রিড মডেলে আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
এর ধারাবাহিকতায় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে হাইব্রিড মডেল অনুসরণ করা হয়। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আয়োজক ভারত হলেও ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার কলম্বোতে।
এখন আইসিসির নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে দ্বিপক্ষীয় সিরিজ ছাড়াই নিরপেক্ষ ভেন্যুতে ভারত-পাকিস্তানকে আরও বেশি ম্যাচে মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হতে পারে। আর সেই পরিকল্পনায় বাংলাদেশ যুক্ত হলে দক্ষিণ এশিয়ার ক্রিকেটে নতুন একটি বহুজাতিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র তৈরি হবে।

