মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

র‍্যাব থেকে এসআরবি, নতুন মোড়কে একই বাহিনী: টিআইবি

নিউজ ডেস্ক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের উদ্যোগে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির আশঙ্কা, প্রস্তাবিত আইনে ব্যাপক ও অস্পষ্ট ক্ষমতা দেওয়ার ফলে নতুন নামে কার্যত একই ধরনের ক্ষমতাধর ও জবাবদিহিহীন বাহিনী তৈরি হতে পারে।

রোববার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায় টিআইবি।

সংস্থাটি বলেছে, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এ বাহিনীটিকে ব্যাপক ক্ষমতা দেওয়ার পাশাপাশি অস্ত্র ও বলপ্রয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত আইনি সুরক্ষার বিষয়টি স্পষ্ট নয়। এছাড়া সন্দেহের ভিত্তিতে পরোয়ানা ছাড়া তল্লাশি ও গ্রেপ্তারের সুযোগ, অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তিতে স্বার্থের দ্বন্দ্বের আশঙ্কা এবং র‍্যাবের সদস্যদের যথাযথ যাচাই ছাড়া নতুন বাহিনীতে স্থানান্তরের বিধান নিয়েও উদ্বেগ রয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, র‍্যাব বিলুপ্তির নীতিগত সিদ্ধান্ত দীর্ঘদিনের প্রত্যাশিত একটি পদক্ষেপ। তবে শুধু বাহিনীর নাম পরিবর্তন করলেই প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত হয় না।

র‍্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, গুম ও নির্যাতনের গুরুতর অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নতুন বাহিনীর কাঠামো, জনবল, ক্ষমতা, বলপ্রয়োগের বিধান এবং জবাবদিহির ব্যবস্থায় মৌলিক পরিবর্তন প্রয়োজন। তা না হলে র‍্যাবের পরিবর্তে এসআরবি নামে একই ধরনের ক্ষমতা ও সাংগঠনিক সংস্কৃতির বাহিনী তৈরি হতে পারে।

ড. ইফতেখারুজ্জামানের মতে, কেবল বাহিনীর নাম পরিবর্তন বা ‘কসমেটিক মেকওভার’ করে নাগরিক ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করা সম্ভব নয়।

তিনি বলেন, পুলিশ বাহিনীর বাইরে সশস্ত্র বা প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রেষণে এসআরবিতে নিয়োগের সুযোগও স্থায়ীভাবে বাতিল করা প্রয়োজন। এ ধরনের বিধান থাকলে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় সামরিক কৌশল প্রয়োগের ঝুঁকি থেকে যাবে।

এ ছাড়া র‍্যাবের বিদ্যমান জনবলকে যাচাই-বাছাই ছাড়া নতুন বাহিনীতে স্থানান্তরের সুযোগ নিয়েও আপত্তি জানিয়েছে টিআইবি। সংস্থাটির মতে, জাতিসংঘের সিকিউরিটি সেক্টর রিফর্ম (এসএসআর) ও ডিডিআর মানদণ্ড অনুসরণ করে নতুন বাহিনীতে সদস্য অন্তর্ভুক্তির আগে স্বচ্ছ ও নিরপেক্ষ ভেটিং প্রক্রিয়া বাধ্যতামূলক করা উচিত।

বিশেষ করে অতীতে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন বা গুমের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত কিংবা জড়িত সদস্যদের নতুন বাহিনীতে অন্তর্ভুক্তি ঠেকাতে কার্যকর যাচাই প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

টিআইবি মনে করে, র‍্যাব বিলুপ্তির পর নতুন বাহিনী গঠনের মাধ্যমে সরকার একটি গুরুত্বপূর্ণ সংস্কারের সুযোগ পেয়েছে। এসআরবির ক্ষমতার সুস্পষ্ট সীমা নির্ধারণ, স্বাধীন ও নিরপেক্ষ তদারকি, সদস্যদের স্বচ্ছ যাচাই, বিচারিক সুরক্ষা এবং কার্যকর প্রতিকার নিশ্চিত করা না গেলে র‍্যাব বিলুপ্তির মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে।

এদিকে, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ধারা-ভিত্তিক বিশ্লেষণ ও সুপারিশসংবলিত একটি পলিসি ব্রিফ সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে টিআইবি। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিলটি চূড়ান্ত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন