রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন: রিজভী

নিউজ ডেস্ক

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই চ্যাম্পিয়ন ছিল বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।

রিজভী বলেন, অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান ছিলেন দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপক। তিনি দায়িত্বে থাকাকালে অর্থপাচার ও অর্থনৈতিক লুটপাটের ঘটনা ছিল না বলে দাবি করেন রিজভী। একই সঙ্গে তার কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মসূচির কারণে দেশে কার্তিক মাসের অভাব দূর হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

বিগত ১৭ বছরে ব্যাংক লুট ও অর্থপাচারের যে চিত্র দেখা গেছে, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে এমন পরিস্থিতি দেখা যায়নি বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তার ভাষায়, পরবর্তী সময়ে ‘লুটপাটের বাজেটের’ মাধ্যমে দেশের অর্থনীতিকে ফাঁকা করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিএনপির শাসনামলে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের অর্থনীতিকে একটি শক্ত অবস্থানে নিতে সাইফুর রহমানের বড় অবদান ছিল বলেও উল্লেখ করেন তিনি।

সাইফুর রহমানের সময় শেয়ারবাজারে লুটপাট হয়নি উল্লেখ করে রিজভী বলেন, এটিও তার অন্যতম বড় অবদান। কৃষি অর্থনীতিকে ভিত্তি করে একটি দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে—সাইফুর রহমান তা বাস্তবে করে দেখিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, দেশে সামাজিক সুরক্ষার ধারণা প্রবর্তনের ক্ষেত্রেও সাইফুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার সময় নেওয়া বিভিন্ন উদ্যোগ দেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করেছে।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন