তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তারের প্রেক্ষাপটে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে রাঙামাটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ।
৭ থেকে ৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটি কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এ প্রশিক্ষণ। এতে রাঙামাটি জেলায় কর্মরত ৩৫ জন গণমাধ্যমকর্মী ও আগ্রহী ব্যক্তিরা অংশ নিয়েছেন।
প্রশিক্ষণে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, তথ্যের সত্যতা যাচাই, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ এবং এআই ব্যবহারের ক্ষেত্রে তথ্যের উৎস যাচাই ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে।
পাশাপাশি সাংবাদিকতার নীতিমালা, দায়িত্ব ও কর্তব্য এবং মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ ও তা মোকাবিলার কৌশল নিয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন সেশনের মাধ্যমে বাস্তবধর্মী অনুশীলন করানো হচ্ছে প্রশিক্ষণে।
প্রশিক্ষণের সমন্বয়কারী ও প্রশিক্ষক হিসেবে রয়েছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের—পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা।
ইউনেস্কো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং হেড অব অফিস ড. সুজান ভাইজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন ইউনেস্কোর মিডিয়া অ্যান্ড ইলেকশনস প্রকল্পের প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল ইউন, ঢাকা পোস্টের হেড অব নিউজ মিডিয়া আরিফুল ইসলাম আরমান, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. কামাল উদ্দিন, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাবৃন্দরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের লক্ষ্য, পরিবর্তিত গণমাধ্যম বাস্তবতায় সাংবাদিকদের প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা বাড়ানো, তথ্য যাচাইয়ের সক্ষমতা তৈরি, তথ্যনির্ভর ও মানসম্পন্ন প্রতিবেদন তৈরিতে দক্ষ করে তোলা এবং সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তির এই পরিবর্তনশীল সময়ে এআইয়ের যথাযথ ব্যবহার ও তথ্য যাচাইয়ের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

