জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার (৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনের প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও পারস্পরিক অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
বৈঠকে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংকট মোকাবিলায় জাতিসংঘের কার্যকর ভূমিকার বিষয়টি গুরুত্ব পায়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এর মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন ড. খলিলুর রহমান।
দায়িত্ব গ্রহণকে সামনে রেখে সোমবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনকালে ড. খলিলুর রহমানকে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও বহুপক্ষীয় সহযোগিতার নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে অধিবেশন পরিচালনা করতে হবে।
প্রায় চার দশক পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে ১৯৮৬-৮৭ সালে ৪১তম সাধারণ অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এ দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

