মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশের তিন যাত্রীবাহী ট্রেন

নিউজ ডেস্ক

দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-ভারতের তিন আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন—মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে দুই দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক আন্তঃসরকারি রেলওয়ে বৈঠক।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রেল ভবনে শুরু হওয়া বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় ঐকমত্য হলে আগামী মাস থেকে কলকাতা ও নিউ জলপাইগুড়ির সঙ্গে বাংলাদেশের বন্ধ থাকা আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেনগুলো পুনরায় চালু হতে পারে বলে জানা গেছে।

২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে প্রায় নয় মাস বন্ধ থাকার পর গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। যাত্রীবাহী ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে।

বৈঠকে বন্ধ থাকা তিনটি আন্তর্জাতিক ট্রেন চালুর পাশাপাশি রাজশাহী থেকে কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাবও দেবে বাংলাদেশ।

এ ছাড়া ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার আগ্রহের কথা জানাবে বাংলাদেশ। বর্তমানে ট্রেনটি যমুনা সেতু হয়ে চলাচল করে।

দুই দিনের বৈঠকে যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয় ছাড়াও স্থগিত থাকা বিভিন্ন রেল প্রকল্প এবং দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হলে দুই দেশের যাত্রী চলাচল ও বাণিজ্যিক যোগাযোগে নতুন গতি আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন