ইতালির ভেনিসে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার পর কনস্যুলেটের কর্মকর্তারা বাঁধনের সঙ্গে যোগাযোগ করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথাও তাকে জানানো হয়েছে। প্রয়োজন হলে কনস্যুলেটের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাঁধনের সঙ্গে কনস্যুলেট কর্মকর্তাদের সরাসরি সাক্ষাতের কথা রয়েছে।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসে হয়রানি ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লাইভে ঘটনার বর্ণনা দেন তিনি। ওই সময় তার মুখে আঘাতের চিহ্ন ও ফোলা ভাব দেখা যায়।
বাঁধনের ভাষ্য, ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে যাওয়ার পর কয়েকজন প্রবাসী বাংলাদেশি তার দিকে এগিয়ে আসেন। একপর্যায়ে তারা তাকে শারীরিকভাবে হেনস্তা করেন এবং পানি ও কোমল পানীয় ছুড়ে মারেন।
অভিনয়শিল্পীর অভিযোগ, হামলাকারীদের কয়েকজন তার গায়ে হাত তোলেন, তার ফোন কেড়ে নিয়ে ফেলে দেন এবং কানের পাশে আঘাত করেন। এ সময় তার সঙ্গে থাকা ভাইয়ের ছোট শিশুটি আতঙ্কিত হয়ে চিৎকার করছিল বলেও জানান তিনি।
বাঁধনের দাবি, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন এ হামলার ঘটনায় জড়িত। তার অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলেও জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, শনাক্ত ব্যক্তিদের বেশিরভাগই ভেনিসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সময়ে দলটির পক্ষে আয়োজিত সভা-সেমিনারে অংশ নিয়েছেন।
ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ কনস্যুলেট। আইনি প্রক্রিয়াসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে বাঁধনের সঙ্গে যোগাযোগ রাখছেন কর্মকর্তারা।

