সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশ বন্ধ রাখার পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন) এবং তিনি নিজে নন বলে জানিয়েছেন সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার খোকন বলেন, আদালতের কার্যক্রম সাধারণত উন্মুক্ত থাকে। নিয়ম মেনে রেজিস্ট্রেশন, পাস বা অনুমতি নিয়ে যে কেউ আদালতে প্রবেশ করতে পারেন। এখানে গোপনীয়তার কিছু নেই।
তিনি বলেন, ‘সাংবাদিকদের প্রবেশ বন্ধ করার ব্যাপারে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কখনো বলেনি যে তা বন্ধ করে দেওয়া উচিত। আমরা এর পক্ষে নই। কোর্টে সাংবাদিকরা ঢুকবেন না, সংবাদ সংগ্রহ করবেন না—এমন অবস্থানের পক্ষেও আমি নই।’
স্বচ্ছতার জন্য প্রবেশের সুযোগ চান
আদালতের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিক ও বিচারপ্রার্থীদের নিয়ন্ত্রিতভাবে প্রবেশের সুযোগ থাকা উচিত বলে মনে করেন খোকন।
তিনি বলেন, ‘স্বচ্ছতার জন্য আমি মনে করি, সব সাংবাদিক বা যারা বিচারপ্রার্থী, তাদের একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে প্রবেশের সুযোগ দেওয়া উচিত। একটি নিয়মের মাধ্যমে অনুমতি দেওয়া যেতে পারে।’
আদালতকক্ষে কী হচ্ছে তা জানার অধিকার সাংবাদিক, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
খোকনের ভাষায়, ‘কোর্টরুমে কী হচ্ছে, সেটা বিচারপ্রার্থীকে জানতে হবে, জাতিকেও জানতে হবে।’
আপিল বিভাগে সাংবাদিক প্রবেশ নিয়ে বিধিনিষেধ
উল্লেখ্য, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার কিছুদিন পর থেকে আপিল বিভাগে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে প্রশ্ন ও আলোচনা রয়েছে।

