রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

এবারও দুর্গাপূজায় ইলিশ চায় ভারত

নিউজ ডেস্ক

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি চেয়েছেন ভারতের ব্যবসায়ীরা। এ জন্য বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও ভারতের ব্যবসায়ী সংগঠনটি ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে পৃথক চিঠি দিয়েছে।

পূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এবার কত পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইতোমধ্যে বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে আবেদন করেছে। আবেদনগুলো যাচাই-বাছাইয়ের জন্য বুধবার (৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্যসচিব আতাউর রহমান খান বলেন, ভারতীয় ব্যবসায়ীদের চিঠি পাওয়া গেছে। কত পরিমাণ ইলিশ রপ্তানি করা হবে, তা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।

ভারতীয় ব্যবসায়ীদের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালের পর থেকে প্রতি বছর গড়ে প্রায় পাঁচ হাজার টন ইলিশ ভারতে রপ্তানি করা হতো। তবে ২০১২ সালের পর থেকে রপ্তানি বন্ধ হয়ে যায়। এরপর ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সরকার শুধু দুর্গাপূজা উপলক্ষে নির্দিষ্ট সময়ের জন্য ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি দিয়ে আসছে।

চিঠিতে এবার আগেভাগেই রপ্তানির অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সাধারণত সেপ্টেম্বরের শেষ দিকে অনুমতি দেওয়া হলেও আগে অনুমতি পেলে ব্যবসায়ীদের প্রস্তুতি নিতে সুবিধা হবে বলে জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাংলাদেশ। ২০২০ সালে অনুমোদন দেওয়া হয় ১ হাজার ৮৫০ টন। তবে অনুমোদিত পরিমাণের পুরোটা রপ্তানি হয়নি।

২০২১ সালে ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতির বিপরীতে ভারতে যায় ১ হাজার ২০০ টন। ২০২২ সালে ২ হাজার ৯০০ টন অনুমোদন দেওয়া হলেও রপ্তানি হয় ১ হাজার ৩০০ টন। ২০২৩ সালে ৩ হাজার ৯৫০ টন অনুমোদনের বিপরীতে ভারতে পাঠানো হয় ১ হাজার ৩০০ টন ইলিশ।

২০২৫ সালে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও বাস্তবে রপ্তানি হয়েছে মাত্র ৫৭৭ টন। আর সর্বশেষ গত বছর ১ হাজার ২০০ টন রপ্তানির অনুমোদন থাকলেও ভারতে গেছে মাত্র ১৫০ টন।

ফলে এবার দুর্গাপূজা সামনে রেখে ভারতীয় ব্যবসায়ীদের নতুন করে ইলিশ আমদানির আবেদনের পর সরকার শেষ পর্যন্ত কত পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেয়, সেটিই এখন দেখার বিষয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন