মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের এ বিষয়ে আলোচনা হয়েছে। ওমান বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নিতে চায়। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে একটি চুক্তিও হয়েছে।

তিনি জানান, বিষয়টি চূড়ান্ত করতে আগামী মাসে ওমানের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এদিকে বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা পুনরায় চালুর বিষয়েও সরকার কূটনৈতিকভাবে চেষ্টা করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। আগের সরকারের সময় থেকেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশিরা যাতে নিয়মিতভাবে ওমানে যেতে পারেন, সে বিষয়ে সরকার কাজ করছে।

১০ হাজার কর্মী নেওয়ার উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি ও মৎস্য খাতে বাংলাদেশি কর্মীদের জন্য ওমানে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন