সরকারি দাফতরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো ধরনের সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না। একই নির্দেশনা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়, রাষ্ট্রীয় কাজ ও সরকারি দাফতরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নির্দেশনাটি বুধবার থেকেই কার্যকর হয়েছে। সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনস্থ দপ্তরগুলোকে অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
এর ফলে এখন থেকে সরকারি চিঠিপত্র, নথি, সারসংক্ষেপ ও দাফতরিক যোগাযোগে সংশ্লিষ্ট পদধারীদের নামের সঙ্গে পদবি উল্লেখের ক্ষেত্রে কোনো অতিরিক্ত সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না।

