ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা ও বিশ্বাসের বিষয়। তাই সংসদ থেকে কোনো নোটিশ জারি করে কাউকে জোর করে ধর্ম পালনে বাধ্য করা যায় না বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমানের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
মুজিবুর রহমান সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ইমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালুর দাবি জানান। সংসদ সদস্যদের আমল ও চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিয়ে তিনি নামাজের বিরতির সময় যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
তিনি বলেন, রাষ্ট্রীয় উদ্যোগে নামাজ ও যাকাত ব্যবস্থা চালু করা হলে নাগরিকদের চরিত্র গঠনের পাশাপাশি সমাজ থেকে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব দূর করা সম্ভব হবে।
জবাবে স্পিকার বলেন, ধর্ম পালন সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা ও বিশ্বাসের ওপর নির্ভরশীল। ইসলাম মানবতার ধর্ম উল্লেখ করে তিনি বলেন, ধর্ম পালনের বিষয়ে প্রত্যেকের নিজস্ব বিশ্বাস ও স্বাধীনতা রয়েছে।
মুজিবুর রহমানের বক্তব্যের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পিকার আশা প্রকাশ করেন, সবাই নিজ নিজ ধর্মীয় বিধান মেনে চলবেন।
পরে নামাজ নিয়ে বক্তব্য দিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান ময়মনসিংহের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ। তিনি বিষয়টি নিয়ে আরও বক্তব্য দেওয়ার চেষ্টা করলে স্পিকার তাকে থামিয়ে দেন এবং এ নিয়ে নতুন বিতর্ক না করার নির্দেশ দেন।

