ডেঙ্গু চিকিৎসায় দেশের প্রান্তিক পর্যায়ের সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এমন ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় আসতে না হয়।
বৃহস্পতিবার রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে সারা দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও যারা আক্রান্ত হচ্ছেন, তাদের চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি রাখা হচ্ছে না। প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোতেও পর্যাপ্ত চিকিৎসক, স্যালাইন ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা যাতে স্থানীয় পর্যায়েই নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলে রোগীদের চিকিৎসার জন্য ঢাকামুখী হওয়ার প্রয়োজন হবে না।
এ সময় দেশে হামের প্রকোপ নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সারা দেশে নতুন করে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
মন্ত্রী বলেন, বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছেন, তাদের অধিকাংশই টিকা নেননি। নানা ধরনের প্রচার-প্রচারণা ও টিকাদান ক্যাম্পেইন চলার পরও যারা টিকা নেননি, তাদের কথা বিবেচনায় নিয়েই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এরই মধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসে পৌঁছেছে। আগামী ১৭ সেপ্টেম্বর আরও একটি চালান দেশে আসবে।
হামে মৃত্যুর প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় বর্তমান সরকারের কোনো দায় নেই।

