রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

নিউজ ডেস্ক

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ সামলাতে ইরান আর বেশিদিন সক্ষম নয়।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবং ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে। কারণ তারা আর বেশিদিন টিকে থাকতে পারবে না।’

ইরান যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। ট্রাম্পের দাবি, তেহরান এমন একটি দুর্বল মার্কিন সরকার প্রত্যাশা করছে, যারা ইরানের ওপর চাপ প্রয়োগ করবে না এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারিত হবে। সাধারণত মধ্যবর্তী নির্বাচনকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও তাঁর সরকারের কর্মকাণ্ডের ওপর ভোটারদের এক ধরনের মূল্যায়ন হিসেবেও দেখা হয়।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ এখন শুধু দেশটির পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি পারমাণবিক চুক্তির চেয়েও অনেক বেশি কিছু নিয়ে কথা বলছি।’

ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হলে পারমাণবিক ইস্যু আলোচনায় থাকবে জানিয়ে ট্রাম্প বলেন, এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় আলোচনার টেবিলে আসতে পারে, যেগুলো তিন মাস আগেও আলোচনার অংশ হওয়ার সম্ভাবনা ছিল না।

ইরানের সঙ্গে আলোচনা সম্ভব বলেও স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এখনই কোনো চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র আলোচনা করছে না বলে স্পষ্ট করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা এর জন্য চেষ্টা করছি না। আলোচনা সম্ভব হতে পারে, কিন্তু বিষয়টি এখন আমাদের বিবেচনায় নেই।’

ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তাঁর দাবি, দেশটিতে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে এবং ইরান গুরুতর অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের অব্যাহত অর্থনৈতিক চাপ দেশটিকে দুর্বল করে দিচ্ছে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্পের পূর্বাভাস, যুদ্ধ শেষ হলে এর প্রভাব জ্বালানি বাজারেও পড়বে এবং তেলের দাম দ্রুত কমে যাবে। মধ্যবর্তী নির্বাচনের পর তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। তাঁর প্রশাসন প্রতি গ্যালন পেট্রলের দাম ২ ডলারের নিচে নামিয়ে আনার চেষ্টা করবে বলে দাবি করেন ট্রাম্প।

হরমুজ প্রণালিতে সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের প্রসঙ্গ তুলে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রায় নয়টি তেলবাহী জাহাজ অচল করে দিয়েছে।

তিনি বলেন, ‘আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন। আমরা তাদের প্রায় নয়টি তেলবাহী জাহাজ ধ্বংস করেছি।’

 

তথ্যসূত্র:সামাটিভি

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন