রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক

স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে ব্যাপকভাবে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে পৌঁছেছে এবং ১৭ সেপ্টেম্বর আরও একটি চালান আসবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ধানমন্ডির উইমেন্স কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশে ইতোমধ্যে হামের টিকার বড় একটি চালান এসেছে। আগামী ১৭ সেপ্টেম্বর আরও একটি চালান আসার কথা রয়েছে। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে।

হামে মৃত্যুর ঘটনায় বর্তমান সরকারের কোনো দায় নেই দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার প্রয়োজনীয় টিকা রেখে না যাওয়ায় এ সংকট তৈরি হয়েছে।

ডেঙ্গু নিয়েও উদ্বেগ

এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, যেসব এলাকায় সর্বত্র পানি জমে থাকে, সেখানে মশার বিস্তার ঠেকানো কঠিন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

তবে ডেঙ্গু আক্রান্ত হলেই অনেক রোগী ঢাকায় চলে আসছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এতে রাজধানীর হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

অনেক রোগীর অভিযোগ, চিকিৎসকেরাই তাঁদের ঢাকায় পাঠিয়ে দেন—এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের মধ্যেও এক ধরনের ভীতি কাজ করে। সে কারণেই অনেক ক্ষেত্রে তাঁরা রোগীদের ঢাকায় পাঠিয়ে দেন।

তিনি ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসার সক্ষমতা কাজে লাগানোর পাশাপাশি রোগীদের অপ্রয়োজনে রাজধানীতে না আসার বিষয়ে গুরুত্ব দেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন