মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ছয় বিল পাস করে শেষ হলো সংসদের তৃতীয় অধিবেশন

নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। ৯টি বৈঠকে এ অধিবেশনে মোট ছয়টি বিল পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

গত ২৭ আগস্ট তৃতীয় অধিবেশন শুরু হয়। ২৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশন চলাকালে মোট ছয়টি বিল উপস্থাপিত হয় এবং সবগুলোই পাস হয়েছে।

আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে তিনটি বিশেষ কমিটিসহ ৪৮টির বেশি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যরা নোটিশও দিয়েছেন।

বিধি-৬৮-এর আওতায় সাতটি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে দুটি নোটিশ গৃহীত হয়ে আলোচনা হয়েছে। বিধি-৭১-এর আওতায় ১৫টি নোটিশ গৃহীত হয় এবং এর মধ্যে ১৪টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বিধি-৭১ক অনুযায়ী দুই মিনিটের বক্তব্য দেওয়ার জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়। এছাড়া বিধি-১৪৭-এর আওতায় দুটি নোটিশের মধ্যে একটির ওপর আলোচনা হয়েছে। বিধি-৩০২-এর আওতায় একটি নোটিশ উত্থাপিত হয়।

অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সংসদ সদস্যরা মোট ১৪৪টি প্রশ্নের নোটিশ দেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন।

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ২ হাজার ৬৭৬টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। সংশ্লিষ্ট মন্ত্রীরা এ অধিবেশনে এর মধ্যে ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দিয়েছেন।

এদিকে, আইন প্রণয়ন, সংসদীয় কমিটি গঠন এবং প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংসদ সদস্যদের নোটিশ ও আলোচনার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম শেষ হলো।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন