মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

সম্পত্তি হস্তান্তর বিল: আলেমদের মতামত নেওয়ার আহ্বান

নিউজ ডেস্ক

‘সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল-২০২৬’ পাসের আগে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন ঈমান-আকিদা সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ ও বিশিষ্ট আলেমরা।

তাদের দাবি, প্রস্তাবিত সংশোধনীতে কুরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় থাকলে তা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। তাই বিলটি আবেগ বা রাজনৈতিক বিবেচনায় নয়, ধর্মীয় ও আইনগত দৃষ্টিকোণ থেকে যাচাই করে চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল-২০২৬’ নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ঈমান-আকিদা সংরক্ষণ কমিটি এ বৈঠকের আয়োজন করে।

বক্তারা বলেন, কোনো আইন প্রণয়নের উদ্দেশ্য ভালো হলেও তাতে শরিয়াহবিরোধী কোনো ধারা থাকলে শুধু ভালো উদ্দেশ্যের কারণে সেটি শরিয়াহসম্মত হয়ে যায় না। ফলে বিলটির প্রতিটি ধারা কুরআন-সুন্নাহ, ফিকহ ও প্রচলিত আইনের আলোকে গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

তাদের ভাষ্য, মুসলিমদের সম্পত্তি ও উত্তরাধিকার বিষয়ে শরিয়াহতে সুস্পষ্ট বিধান রয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে এসব বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় থাকলে তা ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে। একই সঙ্গে এর বাস্তব প্রয়োগে জটিলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকারপ্রধানের নির্বাচনী অঙ্গীকার ছিল কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন পাস না করা। জনগণ সেই অঙ্গীকারের প্রতি আস্থা রেখেছে। তাই আইনটি চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট আলেম ও আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া প্রয়োজন।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, বিলটি পাসের আগে দেশের শীর্ষস্থানীয় মুফতি, মুহাদ্দিস, ফকিহ ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে হবে। কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিধান অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় সংশোধন এবং মুসলিম নাগরিকদের ধর্মীয় ও পারিবারিক অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

মাওলানা হাবীবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে বৈঠকে মুফতি সালাহ উদ্দিন ও মুফতি ইমরানুল বারী সিরাজী সঞ্চালনা করেন। এতে মাওলানা আবদুর হামিদ, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আবদুর রব ইউসুফী, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মজিবুর রহমান হামিদী, মুফতি আব্দুল কাইয়ুম কাসেমী, মুফতি আবু বকর সুহাইল, মাওলানা সুলতান মহিউদ্দীনসহ আরও অনেকে বক্তব্য দেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন