রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

পেট্রল ঢেলে আগুন, জলাশয়ে ঝাঁপ দিয়েও বাঁচতে পারলেন না যুবক

নিউজ ডেস্ক

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আগুন থেকে বাঁচতে পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি তার। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরহাদ এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। পাশাপাশি বেকারদের কর্মসংস্থানসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে যুক্ত ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে বাসা থেকে বের হওয়ার পর পেছন থেকে দুর্বৃত্তরা ফরহাদের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে তিনি চিৎকার করতে করতে পাশের জলাশয়ে ঝাঁপ দেন।

তার আর্তচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের দাবি, সামাজিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের পেছনে মাদক কারবারিদের সম্পৃক্ততা থাকতে পারে। ফরহাদের বাবা আব্দুস সাত্তার বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কারণে তার ছেলের সঙ্গে একটি কুচক্রী মহলের বিরোধ তৈরি হয়েছিল।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন