রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে ২০২৭ সালের হজ নিবন্ধন

নিউজ ডেস্ক

২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে এ প্রক্রিয়া শেষ করতে হবে। নিবন্ধন শেষে বাংলাদেশ থেকে চূড়ান্ত কতজন হজযাত্রী সৌদি আরবে যাবেন, সেই তথ্য সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।

চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা নির্ধারণের পর সৌদি আরব পর্বের অর্থ পাঠানো, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংক এবং সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

হজ নিবন্ধন ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন