রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হাসপাতালে দুর্নীতি চলবে না, হয় আমি থাকব, না হয় দুর্নীতি: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন করে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিকভাবে মুগদা জেনারেল হাসপাতালে গিয়ে বিভিন্ন বিভাগ ও সেবার কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি এবং বেশ কিছু অনিয়মের বিষয় তার নজরে আসে।

পরিদর্শনকালে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় কয়েকজন রোগী ও স্বজন অভিযোগ করেন, প্রয়োজনের সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের পাওয়া যায় না। পাশাপাশি নার্সদের কাছ থেকেও যথাযথ সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন তারা।

রোগী ও স্বজনদের অভিযোগ শোনার পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা, অনিয়ম কিংবা দুর্নীতি বরদাশত করা হবে না।

তিনি বলেন, রোগীরা সেবা নিতে হাসপাতালে আসেন। তাই তাদের সঙ্গে দায়িত্বশীল আচরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। চিকিৎসক-নার্সসহ হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন তিনি।

এ সময় হাম প্রতিরোধে সরকারের নেওয়া কর্মসূচির কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহ করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে।

এ ছাড়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান শুরু হবে বলেও জানান তিনি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন নয়, পরিচ্ছন্নতা ও রোগ প্রতিরোধেও সমান গুরুত্ব দিতে হবে। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও প্রয়োজন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন