মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে সভাপতি করে ১৯ সদস্যের ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’ গঠন করেছে সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্য হিসেবে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ভূমিমন্ত্রী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী।

এ ছাড়া অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে কমিটির সদস্য করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টাকে কমিটির প্রধান সমন্বয়ক করা হয়েছে। সদস্য সচিবের পাশাপাশি কমিটিতে থাকছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন পার্বত্য জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যরা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, এনএসআই মহাপরিচালক এবং ডিজিএফআই মহাপরিচালক।

কমিটির সচিবালয়ের দায়িত্ব পালন করবে ডিজিএফআই।

কমিটির দায়িত্ব ও ক্ষমতা

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ করবে জাতীয় কমিটি। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি তদারকি করবে তারা।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যপরিধি নির্ধারণ এবং জাতীয় কর্মকৌশল চূড়ান্ত ও বাস্তবায়নের ব্যবস্থা নেওয়ার দায়িত্বও থাকবে কমিটির।

প্রয়োজনে যেকোনো কর্মকর্তা বা ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের জন্য কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন এই জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন